বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
জন্ম থেকেই প্রতিবন্ধী, নেই দুটি হাত। তারপরেও শারীরিক এই সীমাবদ্ধতা থামাতে পারেনি তার শিক্ষার অদম্য ইচ্ছাকে। পা দিয়ে লিখেই একের পর এক শিক্ষার সিঁড়ি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বিউটি খাতুন।
একদিন বিচারকের আসনে বসে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার স্বপ্ন দেখেন বিউটি। এবার তার স্বপ্ন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হওয়া। বিচারিক সেবা ও আইনি সহায়তার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
বিউটি খাতুনের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। বাবা বায়েজিদ হোসেন ও মা রহিমা খাতুনের দুই সন্তানের মধ্যে বিউটি ছোট। দুই হাত ছাড়াই জন্ম হয় তার।
জন্মের পর মেয়ের দুটি হাত না থাকার বিষয়টি পরিবারকে দুশ্চিন্তায় ফেলে। তবে ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি আগ্রহী বিউটি পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। প্রতিকূলতা পেরিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে বৃত্তিও লাভ করেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ২০২৬ সালের অক্টোবরে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জন শুধু একটি শিক্ষাগত সনদ নয়, বরং দীর্ঘদিনের চেষ্টা ও আত্মবিশ্বাসের ফল।
শুধু পড়ালেখাই নয়, পা দিয়েই নিজের দৈনন্দিন কাজও সামলান বিউটি। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে পরিবার, সমাজের বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের সহযোগিতা পেয়েছেন তিনি।
বিউটির সাথে কথা বলে জানা যায়, শৈশব থেকে নানা প্রতিবন্ধকতা ও মানুষের কটূ কথা শুনেও তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। কারও দয়ার ওপর নির্ভরশীল না হয়ে নিজের মেধা ও যোগ্যতারভিত্তিতে আত্মনির্ভরশীল হতে চান। বর্তমানে বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিউটির বাবা মো. বায়েজিদ হোসে। বিউটির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে যখন দুটি হাত ছাড়াই জন্ম নিল, তখন তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। সে লেখাপড়া করতে পারবে, এমনটা ভাবতেও পারিনি। শুধু চিন্তা হতো, মেয়েটি নিজের প্রয়োজনীয় কাজগুলো একা সামলাতে পারবে কি না। আজ তার অর্জনে আমরা গর্বিত।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু ঢাকা মেইলকে জানান, বিউটি পড়াশোনায় ছিল অত্যন্ত মনোযোগী। বিউটিকে আমরা ক্লাসরুম থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছি। তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাকে পরীক্ষার হলে অতিরিক্ত সময় দেওয়া হতো। তার জন্য মাসিক বৃত্তির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।
বিউটি ভবিষ্যতে সহকারী জজ হতে পারবে কি না, এমন প্রশ্নে ড. সাঈদা আঞ্জু বলেন, বিউটি শুধু জজ নয়, নিজের চেষ্টা ও পরিশ্রমের ধারাবাহিকতা থাকলে সে আরও বড় কিছু অর্জন করতে পারবে বলে আমি মনে করি।
বিউটির মতো যারা শারীরিক প্রতিবন্ধী তাদের প্রতি বার্তা রেখে তিনি আরও বলেন, যাদের শরীরের একদিকে প্রতিবন্ধকতা থাকে তারা অন্যান্য যে অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে; সেগুলোর যথাযথ ব্যবহার করে সবকিছু অর্জন করা সম্ভব। দিনশেষে পড়াশোনায় কেউ থেকে থাকা যাবে না।
প্রতিনিধি/এলএ