Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দেশে মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

গত বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় নতুন এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করার বিষয়েও সিদ্ধান্ত হয়।

প্রস্তাবিত মেডিক্যাল সিটির আওতায় উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির লক্ষ্যে আধুনিক চিকিৎসাশিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা বৈঠকে তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।

বৈঠকের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালটির আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, উন্নত চিকিৎসাপ্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও তারা আলোচনা করেন।

ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল (ASAAL)-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটির যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন। তিনি নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

প্রতিনিধি/এসএস