নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে ভর্তি হতে আগ্রহীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণের বিধানও রাখা হয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির সুযোগ দিতে হবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সময়
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণে আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।
ঢাকার বিদ্যালয়ে ৮০ শতাংশ আসন স্থানীয়দের জন্য
ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ভর্তি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয়গুলোকে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে আবেদন করতে পারবে।
বিভিন্ন শ্রেণির জন্য কোটা
নীতিমালায় কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এসব কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে।
মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের কাছাকাছি সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
শাখাপ্রতি সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী
নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের সংখ্যা চূড়ান্ত করবে। এরপর সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি
অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এআর