বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা দানা বিবর্ণ রোগের জন্য দায়ী নতুন একটি ব্যাকটেরিয়ার প্রজাতি শনাক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের একদল গবেষক। বাংলাদেশের নামানুসারে নতুন এই ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে Pantoea bangladeshensis sp. nov. NSTU24 (প্যানটোয়া বাংলাদেশেনসিস)।
বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ পোর্টফোলিওর জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ গবেষণাটি সম্প্রতি গৃহীত হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে গবেষণাপত্রটি। গবেষকদের আশা, এ আবিষ্কার বাংলাদেশের কৃষিক্ষেত্রে উদ্ভিদ রোগতত্ত্ব ও জিনোম গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই জার্নালে এ রোগের প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়েও গবেষক দলের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
যেভাবে শুরু গবেষণা
গবেষণার সূত্রপাত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। নোবিপ্রবির কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের তত্ত্বাবধানে স্নাতক শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন একই বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী। এ সময় ফেসবুকে রাজশাহীর তানোর উপজেলার কৃষকদের একটি পোস্ট তার নজরে আসে। পোস্টে দেওয়া ছবিতে ধানের প্যানিকল বা ছড়া এবং দানাগুলো ক্রমশ কালো হয়ে যেতে দেখা যায়। ধানের খোসা ও শস্যের মান নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন কৃষকেরা।

ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা প্যানিকল ব্লাইটের মতো সমস্যার বৈজ্ঞানিক কারণ অনুসন্ধানে আগ্রহী হয়ে ওঠেন অর্ণব। পরে অধ্যাপক রুবেলের পরামর্শে রাজশাহী ও উত্তরবঙ্গের তানোর উপজেলার আক্রান্ত ধানক্ষেত থেকে নমুনা সংগ্রহ করে থিসিসের কাজ শুরু করেন তিনি। এ গবেষণায় যুক্ত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. পীযূষ কান্তি ঝাঁ।
প্রাথমিক গবেষণায় যা পাওয়া গেল
প্রাথমিকভাবে গবেষক দলটির ধারণা ছিল, রোগটি পরিচিত Burkholderia গণের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। সংগৃহীত নমুনা থেকে ব্যাকটেরিয়া পৃথক করে সাতটি সন্দেহভাজন কলোনি শনাক্ত করা হয়। আইসোলেশন ও বৈশিষ্ট্য নির্ণয়ের পর দেখা যায়, এগুলোর জিনগত বৈশিষ্ট্য প্রচলিত ব্যাকটেরিয়ার সঙ্গে মিলছে না।
প্যাথোজেনিসিটি পরীক্ষা শেষে এমন দুটি ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়, যেগুলো মাঠের আক্রান্ত ধানের মতো একই ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম। পরবর্তী সময়ে ওই দুটি ব্যাকটেরিয়ার আংশিক জিনোম সিকোয়েন্সিং করে গবেষকেরা নিশ্চিত হন, সেগুলো Burkholderia নয়; বরং Pantoea গণের ব্যাকটেরিয়া।
গবেষণার এ পর্যায়ে অর্ণবকে সার্বিক সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত।

গবেষণায় নতুন মোড়
স্নাতক শেষ করার পরও গবেষণাটি নিয়ে অর্ণবের আগ্রহ কমেনি। অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের উৎসাহে তিনি গবেষণার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ পর্যায়ে গবেষক দলে যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম এবং নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান।
তাদের দিকনির্দেশনায় ব্যাকটেরিয়াটির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়। এতে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে শনাক্ত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের জিনোমবিষয়ক দিকনির্দেশনায় গবেষণাটি আরও এগিয়ে যায়। গবেষণাপত্র তৈরিতে সহযোগিতা করেন নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত।
প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক স্বীকৃতি
আন্তর্জাতিক জার্নালে গবেষণাটি প্রকাশের পথ সহজ ছিল না। শুরুতে কয়েকটি খ্যাতনামা জার্নালে গবেষণাপত্র জমা দেওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়। পর্যালোচকেরা জানান, আন্তর্জাতিক ব্যাকটেরিয়াল নামকরণ বিধিমালা (ICNP) অনুযায়ী নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি পেতে হলে ব্যাকটেরিয়াটির নমুনা বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য কালচার কালেকশন সেন্টারে সংরক্ষণ করতে হবে।
দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের সহযোগিতায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে গবেষক দল। পরে যাচাই-বাছাই শেষে ব্যাকটেরিয়াটির নমুনা নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) কালচার কালেকশনে ‘টাইপ স্ট্রেইন’ হিসেবে সংরক্ষণ করা হয়।
গবেষণার সাফল্য সম্পর্কে কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল বলেন, “সবচেয়ে বড় প্রাপ্তি হলো, আমাদের এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বেন, তখন তারা আমাদের দেশকে চিনবেন।”
তবে গুরুত্বপূর্ণ এ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রস্তাবনা জমা দিয়েও কোনো অর্থায়ন পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন ড. রুবেল। তিনি জানান, পুরো গবেষণাপত্র তৈরি করতে ব্যক্তিগতভাবে তিন লাখ টাকার বেশি ব্যয় করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহনের উচ্চ খরচও নিজেদের অর্থায়নে মেটাতে হয়েছে। গবেষণা তহবিল থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ থাকলেও দেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারার আনন্দ সেই কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস