Dhaka Mail Logo

শিক্ষা

মানারাতে শিক্ষার্থীদের পেশাজীবনের প্রস্তুতিবিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ‘প্রিপারেশন ফর প্রফেশন: এ জার্নি ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ক্লাবের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ক্লাব। 

কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করা, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মক্ষেত্রে প্রয়োগের উপযোগী করে তোলা এবং যোগাযোগ দক্ষতা, ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়। 

কর্মশালায় ‘ডিজাইন ইউর ফিউচার: ফ্রম ইউনিভার্সিটি লাইফ টু আ মিনিংফুল ক্যারিয়ার’ শীর্ষক সেশন পরিচালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের রফিকুজ্জামান। 

অন্যদিকে, ‘এক্সিলেন্স ইন কমিউনিকেশন: ফ্রম ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক সেশন পরিচালনা করেন ক্যারিয়ার কোচ, করপোরেট ট্রেইনার, পাবলিক স্পিকার ও করপোরেট ট্রেইনার ড. জামাল উদ্দিন জামি।

কর্মশালায় রফিকুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী পাঁচ বা দশ বছরে নিজেকে কোথায় দেখতে চান, তা এখন থেকেই নির্ধারণ করে লিখে রাখা উচিত। নিজের কাঙ্ক্ষিত অবস্থান নির্ধারণ করে সে অনুযায়ী প্রতিদিন কাজ করতে হবে। স্বপ্ন দেখতে কোনো অর্থ লাগে না; প্রয়োজন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দৃঢ় প্রত্যয় ও ধারাবাহিক প্রচেষ্টা।

তিনি আরও বলেন, নিজের সম্ভাবনাকে চিনতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ক্যারিয়ার গড়ার যাত্রা মূলত নিজেকে জানার মধ্য দিয়েই শুরু হয়।

ড. জামাল উদ্দিন জামি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সেমিস্টার থেকেই ক্যারিয়ার প্রস্তুতি শুরু করা উচিত। শিক্ষার্থীদের নিজেদের প্রশ্ন করতে হবে, জীবনবৃত্তান্তে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বাইরে এমন কী দক্ষতা ও অর্জন রয়েছে, যার ভিত্তিতে একটি প্রতিষ্ঠান তাঁকে চাকরির জন্য নির্বাচন করবে।

তিনি বলেন, শুধু ডিগ্রি থাকলেই চাকরির বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করা যায় না। এর পাশাপাশি বিভিন্ন কর্মশালা, ইন্টার্নশিপ, ক্লাব কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের জীবনবৃত্তান্তকে সমৃদ্ধ করে এবং অন্যদের তুলনায় স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সহায়তা করে।

শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও অর্জনগুলো চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মজীবনে সফল হতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও যোগাযোগের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সনদ দেওয়া হয়।

এএইচ