বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাবে কিনা তা নিয়ে জরুরি মিটিং ডেকেছে ভর্তি পরীক্ষা কমিটি।
আগামীকাল সকাল ১১টায় অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছাবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (১১ নভেম্বর) সকাল ১১টায় এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বান করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৩ দিন পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন সময় অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আবেদনের যোগ্যতাও শিথিল করেছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.০০।
অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৮.০০।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে