বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘দিগন্ত’ নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে গাড়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দীর্ঘ সময় যানজটে আটকে ছিল। যানজট ছাড়ার পর বাসটি চলতে শুরু করলে গাড়াগঞ্জ এলাকার কাছাকাছি বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, আগামীকাল ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর বাসটি চলতে শুরু করলে কিছুক্ষণ পরই সেটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। তাদের ভাষ্য, রাজনৈতিক কর্মসূচি বা বিরোধের কারণে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়া উদ্বেগজনক। বোমাটি সামান্য এদিক-সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস