Dhaka Mail Logo

শিক্ষা

ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

দেশের সব ফাজিল ও কামিল মাদরাসায় এডহক কমিটি গঠনের প্রস্তাব চেয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত সব ফাজিল ও কামিল মাদরাসাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, পূর্ণাঙ্গ এডহক কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মাদরাসার বেতন বিলে জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অতিরিক্ত জেলা প্রশাসক স্বাক্ষর করবেন।

বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের একটি আদেশের বিষয়েও স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়, রিট পিটিশন নম্বর ১৫২০৮/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর দেওয়া আদেশটি শুধু ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোনো মাদরাসার গভর্নিং বডি বা এডহক কমিটির ক্ষেত্রে ওই আদেশ কার্যকর হবে না।

বিশ্ববিদ্যালয়ের অধীন সব ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, এডহক কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এআর