ঢাকা মেইল ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগরকেন্দ্র পর্যন্ত বিস্তৃত এর অধিভুক্ত কলেজগুলোর মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ লাভ করছে। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কেবল একটি প্রতিষ্ঠানের অগ্রগতি নয়; বরং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জ্ঞান, দক্ষতা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক গতিশীলতার সঙ্গে তা গভীরভাবে সম্পৃক্ত। এই বাস্তবতায় আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার পরিসরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অগ্রযাত্রা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
গত ৬ নভেম্বর ২০২৬, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই দ্বিপাক্ষিক সমঝোতার আওতায় প্রাথমিক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে। প্রথম দৃষ্টিতে সংখ্যাটি পাঁচজনের হলেও এর অন্তর্নিহিত গুরুত্ব অনেক ব্যাপক। কারণ, এই উদ্যোগের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
দেশের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরাও যে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার স্বাক্ষর রাখতে পারে, এই উদ্যোগ তারই একটি ইতিবাচক দৃষ্টান্ত। এটি শুধু কয়েকজন শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নয়; বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক পরিসরে সম্পৃক্ত করার একটি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।
সমঝোতা স্মারকের আওতায় তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও এর ব্যবহারিক প্রয়োগ, কারিকুলাম ও পাঠ্যক্রম সংস্কার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো সময়োপযোগী বিষয়ে যৌথ উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় এসব বিষয় কেবল উচ্চশিক্ষার নতুন ক্ষেত্র নয়; বরং ভবিষ্যতের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং জাতীয় সক্ষমতা অর্জনের অন্যতম নিয়ামক। তাই এই সহযোগিতাকে কেবল একটি শিক্ষা বিনিময় কর্মসূচি হিসেবে বিবেচনা না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা প্রয়োজন।
যেকোনো বৃহৎ প্রতিষ্ঠানের পরিবর্তন ও অগ্রগতির পেছনে প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, সময়োপযোগী পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর দূরদর্শী নেতৃত্ব ও সংস্কারমুখী উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, সেশনজট নিরসন, পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, ফলাফল প্রকাশের সময়সীমা কমিয়ে আনা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর, গতিশীল ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী, উদ্ভাবনবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের যে প্রত্যয় ব্যক্ত হয়েছে, তার বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য শুধু ডিগ্রি প্রদান বা পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীর চিন্তাশক্তি, সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, নৈতিকতা এবং বাস্তব জীবনে অর্জিত জ্ঞানের প্রয়োগের মধ্যেই এর প্রকৃত প্রতিফলন ঘটে।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী, কর্মমুখী ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের শিক্ষা-ভাবনা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশেষ তাৎপর্য বহন করে। শিক্ষা, নীতি-নির্ধারণ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক বাস্তবতা সম্পর্কে তাঁর চিন্তা ও লেখালেখিতে শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁর গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। বিষয়টি থেকেই স্পষ্ট হয়, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা তাঁর চিন্তাজগতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের অন্যতম সীমাবদ্ধতা হলো সনদনির্ভরতা, মুখস্থবিদ্যার আধিক্য এবং অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার অসামঞ্জস্য। ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেও অনেক ক্ষেত্রে কর্মবাজারের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে না। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য প্রয়োজন শিক্ষার বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, ব্যবহারিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীল চিন্তার বিকাশ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষাব্যবস্থার সংকট, পরীক্ষার স্বচ্ছতা, নকল প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে ড. আ ন ম এহসানুল হক মিলনের প্রকাশিত ও সম্পাদিত বিভিন্ন গ্রন্থ তাঁর চিন্তা ও অভিজ্ঞতার পরিচয় বহন করে। ‘বিপন্ন শিক্ষা ব্যবস্থা: সংস্কার ও সম্ভাবনা’, ‘নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার মান উন্নয়ন’ এবং ‘নকল প্রতিরোধ: ড. আ ন ম এহসানুল হক মিলনের সংগ্রাম’—এ ধরনের গ্রন্থে শিক্ষার গুণগত মান, নৈতিকতা ও মূল্যায়নব্যবস্থার গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
একইভাবে ‘চলতে ফিরতে দেখা’ ও ‘কারাগার থেকে বলছি’ গ্রন্থে তাঁর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক অভিজ্ঞতা ও উপলব্ধির বিভিন্ন দিক উঠে এসেছে। অন্যদিকে ‘যুগনায়ক জিয়া’, ‘প্রেসিডেন্ট জিয়া’, ‘জিয়ার গুরুত্বপূর্ণ ভাষণ’, ‘জিয়ার পররাষ্ট্রনীতি’ ও ‘সৈনিক জিয়া’ প্রভৃতি সম্পাদিত গ্রন্থে রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্রচিন্তার নানা বিষয় স্থান পেয়েছে।
তবে একজন শিক্ষানীতিনির্ধারকের চিন্তার প্রকৃত সার্থকতা নির্ভর করে তার বাস্তব প্রয়োগের ওপর। তাই শিক্ষামন্ত্রীর শিক্ষা-ভাবনার গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র হবে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে না; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, প্রযুক্তিগত সক্ষমতা ও সৃজনশীলতার সমন্বয়ে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই দর্শনের বাস্তবায়ন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এখানকার শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসে। তাদের জন্য মানসম্মত উচ্চশিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তর্জাতিক সুযোগ নিশ্চিত করা মানে দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নের ভিত্তিকে শক্তিশালী করা।
উচ্চশিক্ষার আধুনিকায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রায়ই আমরা প্রযুক্তি, গবেষণা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক মানদণ্ডকে প্রাধান্য দিই। কিন্তু একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থার অন্যতম মৌলিক উপাদান হলো শারীরিক সুস্থতা, মানসিক উৎকর্ষ, সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশ। একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তার মধ্যে যেমন জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে, তেমনি থাকতে হবে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজের মানসিকতা, সহনশীলতা, নৈতিকতা এবং সাংস্কৃতিক সচেতনতা। এসব গুণাবলি বিকাশে খেলাধুলা, শারীরিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অপরিসীম।
খেলাধুলা একজন শিক্ষার্থীকে প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতার শিক্ষা দেয়। পরাজয় মেনে নেওয়ার মানসিকতা, নেতৃত্বের গুণাবলি, নিয়মশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং প্রতিকূলতা মোকাবিলার সাহস তৈরি করে। অন্যদিকে সাহিত্য, সংগীত, নাটক, বিতর্ক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক বোধকে সমৃদ্ধ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের কার্যক্রমের মূল দর্শন এই সমন্বিত মানবিক বিকাশ নিশ্চিত করা। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি খেলাধুলা, শারীরিক সক্ষমতা ও সাংস্কৃতিক চর্চাকে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন আরও সম্প্রসারণ করা হবে।
আমরা বিশ্বাস করি, জ্ঞান ও দক্ষতার সঙ্গে শারীরিক সুস্থতা, সাংস্কৃতিক পরিশীলন এবং নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও মানবিক বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সুযোগ উপস্থিত হয়েছে। একদিকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা, অন্যদিকে দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে তোলার জাতীয় প্রত্যয়। এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।
মাননীয় শিক্ষামন্ত্রীর শিক্ষা-ভাবনা ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে চলমান সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সময়ের দাবি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন, অধিভুক্ত কলেজ, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকে আমরা এই বৃহত্তর অগ্রযাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমাদের বিশ্বাস, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করা। আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ, গবেষণার বিস্তার, প্রযুক্তিগত উৎকর্ষ, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশ—সবকিছুর সমন্বয়েই নির্মিত হতে পারে সেই কাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক তাই আমাদের কাছে কেবল একটি আন্তর্জাতিক চুক্তি নয়; এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতি একটি আশাবাদী বার্তা। এই উদ্যোগের ধারাবাহিকতা ও কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে একদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করবে—এটাই আমাদের প্রত্যাশা।
আমরা এমন একটি জাতীয় বিশ্ববিদ্যালয় দেখতে চাই, যেখানে মেধার বিকাশে ভৌগোলিক অবস্থান কোনো প্রতিবন্ধকতা হবে না; যেখানে উচ্চশিক্ষা হবে গবেষণামুখী, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী; যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, শারীরিক সক্ষমতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হয়ে উঠবে।
এই অগ্রযাত্রায় মাননীয় শিক্ষামন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। প্রত্যাশা করি, তাঁদের সম্মিলিত প্রয়াসে জাতীয় বিশ্ববিদ্যালয় একদিন শুধু দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের একটি মর্যাদাপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। প্রতিফলিত হোক সর্বত্র প্রকৃত শিক্ষার আলো। বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান—জাতীয় বিশ্ববিদ্যালয়।
লেখক: পরিচালক, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতর, জাতীয় বিশ্ববিদ্যালয়