Dhaka Mail Logo

শিক্ষা

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মানতে হবে কঠোর নিয়ম

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭ আয়োজনের জন্য বিস্তারিত নীতিমালা (বাইলজ) প্রকাশ করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণের যোগ্যতা, খেলোয়াড় নিবন্ধন, খেলার নিয়ম, শৃঙ্খলা, আপত্তি উত্থাপন ও ভাতাসংক্রান্ত নির্দেশনা এতে তুলে ধরা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরে এ নীতিমালা প্রকাশ করা হয়। 

এতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব কলেজকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করেই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একই দিন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বোর্ড।

নীতিমালা অনুযায়ী, ফুটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মিনিট করে দুই অর্ধে। মহিলা বিভাগের ক্ষেত্রে প্রতি অর্ধের সময় নির্ধারণ করা হয়েছে ২০ মিনিট। নির্ধারিত সময়ে ম্যাচের ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। একটি দল ম্যাচে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে।

ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ ওভারে। খেলোয়াড়দের জন্য রঙিন পোশাক ও সাদা বল ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মহিলা বিভাগের ম্যাচে ব্যবহার করতে হবে টেপ টেনিস বল। এছাড়া ভলিবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা নির্ধারিত সেট ও সময় অনুসরণ করে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

অ্যাথলেটিকসে একজন প্রতিযোগী ব্যক্তিগতভাবে সর্বোচ্চ তিনটি ইভেন্টে অংশ নিতে পারবেন। এর পাশাপাশি রিলে ইভেন্টেও অংশগ্রহণের সুযোগ থাকবে। বিভিন্ন ইভেন্টে অর্জিত পয়েন্টের ভিত্তিতে ব্যক্তিগত ও দলীয় চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

অংশগ্রহণে যেসব যোগ্যতা ও কাগজপত্র লাগবে

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কলেজের নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে। এছাড়া কেবল ২০২৫ অথবা ২০২৬ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

খেলা শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগীদের মাঠে উপস্থিত থাকতে হবে। এসময় সঙ্গে রাখতে হবে মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও ছবি। পাশাপাশি কলেজের অধ্যক্ষের সত্যায়িত ইএসআইএফের রঙিন কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালায় অংশগ্রহণের ক্ষেত্রে অনিয়মের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনো দল নিয়মবহির্ভূতভাবে অবৈধ খেলোয়াড় অন্তর্ভুক্ত করলে কিংবা প্রতিযোগিতায় অনিয়মের আশ্রয় নিলে সংশ্লিষ্ট কলেজকে আসর থেকে বহিষ্কার করা হতে পারে। এছাড়া নীতিমালার অন্যান্য বিধান লঙ্ঘনের ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আপত্তি জানাতে গুনতে হবে দুই হাজার টাকা

প্রতিযোগিতা চলাকালে কোনো ম্যাচের ফলাফল কিংবা সিদ্ধান্তের বিষয়ে আপত্তি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় প্রটেস্ট বা লিখিত আপত্তি জানাতে হবে। এ জন্য ম্যাচ শেষ হওয়ার ৬০ মিনিটের মধ্যে দুই হাজার টাকা ফি জমা দিয়ে উপযুক্ত প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির সভাপতির কাছে আবেদন করতে হবে।

ভাতা ও যাতায়াত ব্যয়ের ক্ষেত্রেও পৃথক নির্দেশনা রয়েছে নীতিমালায়। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগী ও কর্মকর্তারা বোর্ড নির্ধারিত হারে খাদ্য ও যাতায়াত ভাতা পাবেন। তবে জেলা ও জোন পর্যায়ের প্রতিযোগীদের জন্য কোনো ধরনের ভাতার ব্যবস্থা রাখা হয়নি।

প্রসঙ্গত, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২২ নভেম্বর থেকে জেলা পর্যায়ে শুরু হবে। এ পর্যায়ের প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এম/এএইচ