নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা ও গবেষণায় বহুল প্রত্যাশিত সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তাদের সম্পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ লক্ষ্যে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রোববার (৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করবে। এর মধ্যে রয়েছে কারিকুলাম বা সিলেবাস আধুনিকায়ন, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি (আইটি), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার নিরাপত্তা, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে সহযোগিতা।
এম/এফএ