বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান অপরিবর্তিত থাকলেও এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ৩৭ ধাপ পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এবার রাবির অবস্থান ৩৪৯তম। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৩১২তম। সে বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান ছিল সপ্তম।
বুধবার (৩ নভেম্বর) কিউএস তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে।
এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিউএস অন্যতম। প্রতিবছর কয়েকটি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করে। কিউএসের এ র্যাঙ্কিংয়ে ১১টি সূচক বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী শিক্ষক-কর্মীর সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর অনুপাত।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, স্নাতকদের কর্মসংস্থানের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক-শিক্ষার্থীদের অর্জন, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তার সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ের হার বিবেচনায় নেওয়া হয়।
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (১৩৬তম), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (১৪৯তম), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট, ১৭৯তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২১৬তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১তম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩২৯তম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৪৯তম)।
এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫২তম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৭০তম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৮তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়) ৪০৭তম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪১৫তম এবং খুলনা বিশ্ববিদ্যালয় ৪৪৫তম অবস্থানে রয়েছে।
তালিকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪৫২তম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ৫০৪তম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ৫০৯তম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৫১৭তম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ৫৩৪তম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ৫৪২তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫৪৯তম অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/এসএস