Dhaka Mail Logo

শিক্ষা

জবিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা, পিএইচডি ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে ‘ব্রেকিং ব্যারিয়ার্স, বিল্ডিং ফিউচারস হায়ার স্টাডি অ্যাব্রড, পিএইচডি অ্যান্ড রিসার্চ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন JnURHSS-এর সভাপতি এবং স্ট্যাটএইড রিসার্চ ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন মিয়া। তিনি শিক্ষার্থীদের সামনে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, পিএইচডি করার প্রক্রিয়া এবং গবেষণার আন্তর্জাতিক সুযোগ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এসময় বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভালো একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা, মানসম্মত গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল) এবং উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও সুপারভাইজার নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া স্কলারশিপ পাওয়ার উপায়, পিএইচডিতে আবেদনের যোগ্যতা, গবেষণার ক্ষেত্র নির্বাচন এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণামুখী দক্ষতা ও একাডেমিক প্রস্তুতি গড়ে তোলার পরামর্শ দেন আলোচক।

আয়োজকদের পক্ষ থেকে পিডিএফের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে সেমিনারটির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা পেয়েছেন বলে আশা করছি।’

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, জবি পিডিএফ শাখার সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এএইচ