Dhaka Mail Logo

শিক্ষা

‎আগারগাঁওয়ে আবারও শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

রাজধানীর আগারগাঁও এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

শিক্ষার্থীদের দাবি, কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠকে সচিবালয় বানাতে দেওয়া হবে না। সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

‎বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে বিজয় সরণি থেকে আগারগাঁওগামী মেইন রাস্তা অবরোধ করে রেখেছেন তারা।

‎শিক্ষার্থীরা জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরনো গবেষণার মাঠ দখলের চেষ্টা করছে সরকার। যা নিয়ে ইতিমধ্যে নতুন সচিবালয় নির্মানের ঘোষণা দিয়েছে। সরকার যদি দ্রুত তাদের এ সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত আসবে বলে জানান শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

‎এর আগে, গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

কৃষি বিশ্বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরওয়া জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণার মাঠ দখলের পাঁয়তারা করা হচ্ছে। মাঠ থেকে সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদফতর সহ বিভিন্ন দফতর ভাড়া দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করছে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের তহবিলে না এসে গোটা কয়েকজন সিন্ডিকেটের হাতে চলে যায়।

Student_of_Agricultural_University2

তিনি আরও বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলেও এ মাঠ দীর্ঘদিন ধরে ব্যবহার করার উদ্যোগ নিচ্ছেনা বিশ্ববিদ্যালয় প্রসাশন। আমরা সকল সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমাদের মাঠ ফেরত দিতে হবে। এখানে কোনো স্থাপনা করা যাবেনা।
‎
‎একই বর্ষের আরেক শিক্ষার্থী আতিফুর রহমান বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ একটা গবেষণা সম্পদ। এখানে আগে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা মাঠ হিসেবে ব্যবহার করতেন। দীর্ঘদিন তা আমাদের থেকে গোটা কয়েকজন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জব্দ করে রেখেছিল। আমরা আমাদের গবেষণার জন্য এ মাঠ ফেরত চাই। এতে সরকারের পক্ষ থেকে যেদিন আমাদের মাঠ হস্তান্তর করা হবে, আমরা সেদিন এ আন্দোলন থেকে ঘরে ফিরে যাব। অন্যথায় আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে রাখা মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
‎
‎একেএস/এসআই