Dhaka Mail Logo

শিক্ষা

সামাজিক মাধ্যম ব্যবহারে মাদরাসা শিক্ষকদের জন্য নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশালীন, শিষ্টাচার-বহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

সোমবার (২ নভেম্বর) অধিদফতরের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অধিদফতরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এসব পোস্টের কারণে সারাদেশে কর্মরত মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মাদরাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে অধিদফতরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদের পরিপন্থি। একইসঙ্গে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর বিধান অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাদরাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এম/এএইচ