Dhaka Mail Logo

শিক্ষা

আজিমপুরে এক রাতের নোটিশে ঘরছাড়া শিক্ষার্থীরা, প্রতিবাদ ছাত্র ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

আজিমপুর ও আশপাশের সরকারি কলোনিতে বসবাসরত শিক্ষার্থীদের অল্প সময়ের নোটিশে বাসস্থান ছাড়তে বাধ্য করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাঁদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শাখা। সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর একটি জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সরকারি ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ অন্যের কাছে ভাড়া দেওয়া হয়ে থাকলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে আজিমপুর ও আশপাশের কলোনিতে সাবলেট ভাড়া নিয়ে বসবাসকারী অসংখ্য শিক্ষার্থী আবাসন অনিশ্চয়তায় পড়েছেন।

সংগঠনের নেতারা বলেন, আজিমপুরের আশপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী আবাসনসংকটের কারণে আজিমপুর ও পলাশী কলোনিতে সাবলেট ভাড়া নিয়ে থাকেন। সরকারি নোটিশের পর অনেক বাড়িওয়ালা কোনো পূর্বপ্রস্তুতির সুযোগ না দিয়েই বিশেষ করে নারী শিক্ষার্থীদের এক রাতের মধ্যে ঘর ছাড়তে বাধ্য করেছেন। অথচ এ সময়ে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। নতুন বাসা খোঁজা, বাড়তি অর্থের সংস্থান এবং মালামাল স্থানান্তরের চাপে শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীরা চরম আবাসনসংকট ও অনিশ্চয়তার মুখে পড়লেও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের আবাসনসংকটকে প্রাতিষ্ঠানিক দায় হিসেবে বিবেচনা না করে ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখার প্রবণতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, এই সংকটের মূল কারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের আবাসনসংকট এবং আবাসিক হল ব্যবস্থাপনায় প্রশাসনিক ব্যর্থতা। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর তুলনায় হলের আসন অত্যন্ত অপ্রতুল। কোনো প্রতিষ্ঠানেই প্রথম বর্ষ থেকেই প্রশাসনিক তত্ত্বাবধানে বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে আসন বণ্টনের কার্যকর ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। অনেকে অনিয়ম ও প্রভাবের শিকার হন। বিপুলসংখ্যক শিক্ষার্থী বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে ব্যয়বহুল ও অনিরাপদ আবাসনে থাকতে বাধ্য হন।

নেতারা বলেন, শিক্ষার্থীদের আবাসনের দায়িত্ব রাষ্ট্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের। সেই দায়িত্ব পালন না করে শিক্ষার্থীদের বিকল্প আশ্রয়টুকুও অনিশ্চিত করে দেওয়া তাঁদের শিক্ষাজীবনকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

বিবৃতিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থীদের অল্প সময়ের নোটিশে বাসস্থান ছাড়তে বাধ্য করার সিদ্ধান্ত প্রত্যাহার, তাঁদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা, সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল নির্মাণ ও আসন বৃদ্ধি এবং প্রথম বর্ষ থেকেই প্রশাসনিক তত্ত্বাবধানে স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় আসন বণ্টন নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শাখার নেতারা স্বাক্ষর করেন।

এম/এআর