Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকার এক কলেজেই দুই বোর্ডের চেয়ে বেশি জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের দুটি শিক্ষা বোর্ডের চেয়েও বেশি জিপিএ-৫ পেয়েছেন রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এবার এক হাজার ৩১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অথচ পুরো সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন। এমনকি কুমিল্লা শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যারও প্রায় সমান ফল করেছে কলেজটি।

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে মোট তিন হাজার ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রায় সবাই উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩১১ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪২ শতাংশ।

শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী। অর্থাৎ পুরো কুমিল্লা বোর্ডের তুলনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র দুজন কম।

অন্যদিকে, সিলেট শিক্ষা বোর্ডের তুলনায় কলেজটিতে ১০৬ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আর বরিশাল শিক্ষা বোর্ডের তুলনায় এ সংখ্যা ৩৬১ জন বেশি।

তবে দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোর তুলনায় জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এবার এ বোর্ডে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন। এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে তিন হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে দুই হাজার ৯৫৩ জন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ১৩৭ জন শিক্ষার্থী। এর পরেই রয়েছে কুমিল্লা, সিলেট ও বরিশাল শিক্ষা বোর্ড।

ফলাফলের এই তুলনায় দেখা যাচ্ছে, রাজধানীর একটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দেশের দুটি সাধারণ শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। পাশাপাশি আরেকটি বোর্ডের প্রায় সমানসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

এমএইচ/এসআই