Dhaka Mail Logo

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন প্রায় ১১ লাখ, মূল ক্যাম্পাসে মাত্র ৬৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

দেশের উচ্চশিক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ রয়েছে প্রায় ১১ লাখ শিক্ষার্থীর। তবে এই বিপুল আসনের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নয়, অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে। 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তির আসন রয়েছে মাত্র ৬৩ হাজার ৬৫৬টি। বিপরীতে অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে আসন রয়েছে ১০ লাখ ১৮ হাজার ৬৩২টি। সব মিলিয়ে মোট আসন ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি।

রোববার (১ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ে ভর্তির আসনসংক্রান্ত তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

এতে দেখা যায়, মোট আসনের মাত্র ৫ দশমিক ৮৮ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। বাকি ৯৪ দশমিক ১২ শতাংশ আসনই অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একটি আসনের বিপরীতে অধিভুক্ত প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ১৬টি আসন।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক তথ্য বলছে, সবচেয়ে বেশি আসন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজগুলোতে মোট ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি আসন রয়েছে। এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে থাকা মোট স্নাতক আসনের প্রায় ৮৭ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ৪২ হাজার ৪৩৪টি আসন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের হিসাবে সবচেয়ে বেশি আসন রয়েছে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। প্রতিষ্ঠানটির আসনসংখ্যা ১১ হাজার ২৯০টি। এরপরই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মূল ক্যাম্পাসে আসন ৬ হাজার ১২৫টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৩৩টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৯৫৬টি আসন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে আরও ১ হাজার ৫৮৬টি আসন রয়েছে। ফলে মূল ক্যাম্পাস ও অধিভুক্ত প্রতিষ্ঠান মিলিয়ে বিশ্ববিদ্যালয়টির অধীনে মোট আসন ৭ হাজার ৭১১টি। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ১ হাজার ৭৮৪টি আসনসহ মোট আসন ৫ হাজার ৭৪০টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ৪২০টি আসনসহ মোট আসন ৪ হাজার ৪৫৩টি।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৪৮টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৯৫৭টি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি আসন রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন ১ হাজার ৭০টি, খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ১ হাজার ১০৯টি এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে আরও ১৮৬টি আসন রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ১ হাজার ৬৩৬টি এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ১৮০টি আসন রয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ১০০টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি আসন রয়েছে।

অন্যদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি আসন রয়েছে।

12

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আসন ১ হাজার ৩০৯টি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১ হাজার ২৩৫টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১ হাজার ১০৫টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৯৩১টি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৭৮০টি আসন রয়েছে। এই পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৫ হাজার ৩৬০টি।

কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৪টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন রয়েছে। এ ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৪টি আসন রয়েছে।

বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মূল ক্যাম্পাসে ১ হাজার ৮০০টি এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ২ হাজার ৯০টি আসন রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আসন ৬৩০টি এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ১ হাজার ৪৪০টি। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আসন ২০০টি এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ১২০টি।

অন্যদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক পর্যায়ের আসন রয়েছে ৫০টি। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৯০৫টি, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ৫ হাজার ৯৭১টি এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ১ হাজার ৪৮৬টি আসন রয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মূল ক্যাম্পাস ও অধিভুক্ত প্রতিষ্ঠান; উভয় জায়গাতেই আসনসংখ্যা শূন্য দেখানো হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোতে রয়েছে ১১ হাজার ৫৫টি আসন। এই আসনগুলোও সামগ্রিক হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ৮৫০টি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে ২২০টি আসন রয়েছে।

নতুন ও তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

তবে তালিকাভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে এখনও স্নাতক পর্যায়ে ভর্তির আসন নির্ধারিত হয়নি। প্রকাশিত তথ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা শূন্য দেখানো হয়েছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কোনো আসন দেখানো হয়নি। সব মিলিয়ে সাতটি বিশ্ববিদ্যালয়ে মূল ক্যাম্পাস ও অধিভুক্ত প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই আসন শূন্য রয়েছে। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সরাসরি স্নাতক ভর্তির আসন না থাকলেও অধিভুক্ত প্রতিষ্ঠানে আসন রয়েছে।

এমএইচ/এএস