Dhaka Mail Logo

জাতীয়

৪ দিন কম চাপে থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে ওই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

পেট্রোবাংলা আরও জানায়, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এমআর/এএস