নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব, কর্মসংস্থানের পরিবর্তিত ধারা, প্রয়োজনীয় দক্ষতা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই সামিট ২০২৬’।
শনিবার (৩১ অক্টোবর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিএসই ক্লাবের আয়োজনে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব জবস অ্যান্ড এডুকেশন ইন দ্য এজ অব এআই: হাউ এআই ইজ ট্রান্সফর্মিং এমপ্লয়মেন্ট, স্কিলস অ্যান্ড ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ অ্যান্ড বিআউন্ড’।
স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের প্রযুক্তি খাতের বিশিষ্ট প্রযুক্তিবিদ, গবেষক ও শিল্প বিশেষজ্ঞরা বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন।
তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান; লেখক, সংগঠক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর অব প্র্যাকটিস এবং প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন কনসালট্যান্ট মুনির হাসান; বিআইটিএসসিওএল ও অ্যাপ ভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা বেলাল আহমেদ; আহসান টেকনোলজিস লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. মোসিউজ্জামান এবং কোডেপট্রোর প্রতিষ্ঠাতা জায়েদ আহসান সাদ।
সম্মেলনের প্রথম পর্বে স্বাগত বক্তব্য ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সোহাইব আবদুল্লাহ। এরপর বক্তব্য দেন রকফেলার ইউনিভার্সিটির পোস্টডক্টরাল অ্যাসোসিয়েট ড. মো. মাহেদী হাসান।
প্রথম পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইইই বিভাগের প্রধান প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সিএসই ক্লাবের সভাপতি মেহেদী হাসান রিফাতসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. মিজানুর রহমান পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা ধরে রাখতে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে।’
সিএসই বিভাগের কোর্স কারিকুলাম আধুনিকায়নের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের লক্ষ্যে গণিত, সফটওয়্যার, হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মৌলিক দক্ষতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
এএইচ