নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায়ও। ফলে এবার কমেছে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান।
ফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়া কথা থাকলেও কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তার মধ্যে মাত্র ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস অর্জন করেছে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি। সেই হিসাবে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ২০৬টি।
অন্যদিকে, পাস করতে পারেননি ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী। গত বছর শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। ফলাফলের বিপর্যয়ের প্রভাবে এবার শূন্যপাস প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি।
এবারের ফল বিশ্লেষণে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।