Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ফলাফলে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ১১৯ জন এবং ছাত্র ১ হাজার ১৮ জন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক ও কলেজ পরিদর্শক অধ্যাপক এস. এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন।

আরও পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

এ বছর মোট উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন। পাসের সংখ্যায়ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া শেরপুরে ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রতিনিধি/এসএস