বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রক্টর ড. মো. আবদুল আলীম। প্রক্টরের দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন। এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন দায়িত্ব পালন করবেন। ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে তিনি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, উভয় পদে দায়িত্ব পালনকালে তিনি প্রক্টর হিসেবে পূর্ণহারে মাসিক ৭ হাজার ৫০০ টাকা এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে অর্ধহারে মাসিক ৩ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।
একই সঙ্গে বিদায়ী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে দায়িত্ব হস্তান্তর এবং নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতিনিধি/এলএ