নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। সারাদেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। অথচ এদিনেই দেশের সব জেলা, উপজেলা, থানা ও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো জোটের যুগ্ম-সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি করায় এ মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তার বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল ৩১ অক্টোবর শনিবার দেশের সব উপজেলা, জেলা ও জাতীয় প্রেসক্লাবের সামনে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হবে।’
এতে আরও বলা হয়, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় এ কর্মসূচি সম্পন্ন হবে। জোটের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, বেলা ১১টার দিকে সারাদেশে একযোগে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিনে শিক্ষকদের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হয়। অথচ এবার ফল প্রকাশের দিনে শিক্ষকরা হঠাৎ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়ায় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জোটের যুগ্ম-সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশার বলেন, ‘ফল প্রকাশ ১১টায়। আর কর্মসূচি করতে বলা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময়। এ কারণে ফল প্রকাশ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি।’
এফএ