Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

আমার ক্ষমতা শেষ, পরবর্তী জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম এই চেয়ার: আম্মার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন শেষে নিজের চেয়ারে আর বসবেন না বলে জানিয়েছেন সালাউদ্দিন আম্মার। ১৮তম জিএসের অপেক্ষায় দীর্ঘ এক বছরের সঙ্গী চেয়ারটি ছেড়ে যাওয়ার কথা জানিয়ে রাকসুর কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে জিএসের চেয়ারসহ একটি ছবি প্রকাশ করে এসব কথা জানান সালাউদ্দিন আম্মার।

পোস্টে তিনি লেখেন, ‘চেয়ারটিতে বসার ক্ষমতা শেষ আমার। ১৭তম সাধারণ সম্পাদক হিসেবে ১৮তম জিএস এর অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে। আনুষঙ্গিক কিছু কাজের জন্য যদিও এমাসটা রাকসুতে আসা যাওয়া থাকবে, তবে এই চেয়ারে আর বসছি না সময় শেষ হওয়ার পর থেকে।’

তিনি বলেন, ‘রাকসুকে কখনো স্থবির হতে দিয়েন না রাবিয়ানরা। রাকসু প্রয়োজনে আদায় করে নিতে হবে আবার। রাকসু অবশ্যই হতে হবে।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়া রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিল সালাহউদ্দিন আম্মার।

প্রতিনিধি/এলএ