বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে ২১ জানুয়ারির মধ্যে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা শেষে এ তথ্য জানান কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি বলেন, আবেদন প্রক্রিয়া শেষে মোট কতটি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত দিন সময় প্রয়োজন হবে।
এ বছর বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ভর্তি পরীক্ষার ফি প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সভায়। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ বাকি থাকায় ফি পরিবর্তনের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
এ ছাড়া এবার আইন বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। ইউনিট বিন্যাস গত বছরের মতো রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
প্রতিনিধি/এলএ