নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
শিক্ষা, চীনা ভাষা, কারিগরি দক্ষতা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে এ বিষয়ে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। অধ্যাপক মা ওয়েনহুই জানান, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে তারা আগ্রহী। একই সঙ্গে চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বয়ে পাঠ্যক্রম চালুর বিষয়েও বিশ্ববিদ্যালয়টির প্রস্তুতি রয়েছে।
আলোচনায় শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। এ জন্য যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা, সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাব উঠে আসে।
আবদুল খালেক বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন।
তিনি বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান তিনি।
এ সময় সিনিয়র সচিব অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি দুই পক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে যৌথ গবেষণা ও দক্ষতা উন্নয়নে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও ঘুরে দেখেন আবদুল খালেক। সেখানে তিনি চীনের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরিচালন কাঠামো, বিদ্যালয় ব্যবস্থাপনা ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে উপযোগী দিকগুলো কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এম/এএম