Dhaka Mail Logo

শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে, গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। তবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

এএম