Dhaka Mail Logo

শিক্ষা

উচ্চশিক্ষার উন্নয়নে হিট প্রকল্প পরিচালকের দায়িত্বে অধ্যাপক রাকিবুল হক

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

উচ্চশিক্ষা খাতের উন্নয়নে সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাকিবুল হক।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রকল্প কার্যালয়ে বিদায়ী পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক ফুলব্রাইট স্কলার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ ইউজিসি ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বড় প্রকল্প। যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এটি উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে বড় প্রকল্প বাস্তবায়নে ইউজিসির সক্ষমতাও প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, নানা কারণে প্রকল্পের কাজ দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থবহভাবে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, প্রকল্পের মেয়াদ না বাড়িয়েও নির্ধারিত পাঁচটি উপাদানের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সরকারের অগ্রাধিকার ও ইউজিসির পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। নতুন পরিচালককে নির্ধারিত লক্ষ্য সামনে রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক রাকিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০, ২০২১, ২০২২, ২০২৫ ও ২০২৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তিনি।

তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক পর্যালোচনাভিত্তিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তার গবেষণাকর্মের উদ্ধৃতির সংখ্যা ৭ হাজার ৫০০-এর বেশি।

চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ব্যবস্থাপনা বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক রাকিবুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুলব্রাইট ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেন তিনি।

যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া ও ঘানাসহ বিভিন্ন দেশের গবেষক ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় যুক্ত রয়েছেন অধ্যাপক রাকিবুল হক। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন প্রকল্পেও কাজ করেছেন তিনি।

এ ছাড়া তথ্যব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন পেশাগত সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। গবেষণা, একাডেমিক সম্মেলন ও জ্ঞান বিনিময়ের কাজে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ সফর করেছেন।

হিট প্রকল্পের লক্ষ্য হলো উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তর। এসব লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়, তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহিতামূলক প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে অধ্যাপক ড. মো. রাকিবুল হককে প্রেষণে হিট প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি।

এএইচ/এফএ