বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে সুজন চৌকিদার (২২) নামে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মিনার-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্লাস ও কাটা তার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক সুজন চৌকিদারের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চর বাহাদুরপুর এলাকায়। তিনি কর্মসূত্রে সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় বসবাস করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী জানান, ফজিলাতুন্নেছা হলের সামনে ও প্রীতিলতা হলের দেয়ালসংলগ্ন জঙ্গলে তার কাটার ঘটনা ঘটে। এ সময় সংশ্লিষ্ট এলাকার এসি বন্ধ হয়ে গেলে বিষয়টি তাদের নজরে আসে। পরে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে নিরাপত্তাকর্মীদের নিয়ে তাকে খুঁজতে বের হন তারা।
তিনি আরও বলেন, শহীদ মিনারের পূর্ব পাশে রসায়ন বিভাগের জঙ্গলে ওই ব্যক্তিকে পাওয়া যায়। নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে আটক করা হয়।
প্রতিনিধি/এলএ