Dhaka Mail Logo

শিক্ষা

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী 

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হল নির্মিত হয় ১৯৬০ সালে। নির্মাণের ৬৬ বছরেও বড় ধরনের কোন সংস্কার হয়নি। যে কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে হলটি, খসে পড়ছে ছাদের পলেস্তারা। এছাড়াও বিভিন্ন স্থান ভাঙাচোরা এবং নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই হলে থাকছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ অক্টোবর) গভীর রাত আড়াইটার পর হলের ৩৪৫ নম্বর কক্ষের এক শিক্ষার্থীর খাটের মশারির ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। এছাড়া, হলে এমন ঘটনা একাধিকবার ঘটেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। 

নজরুল হলের আবাসিক শিক্ষার্থী আরিফ হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এই হলটি খুবই জরাজীর্ণ। যে কারণে সব সময় আমাদের মধ্যে আতংক বিরাজ করে। এই হল দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দ্রুত  ঝুঁকিপূর্ণ অংশ মেরামত এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।’

রোববার (১৯ অক্টোবর) হলের বিভিন্ন স্থানে অবকাঠামোগত অবস্থার চোখে পড়ে। দেখা যায়, হলের তিনতলা ভবনে অনেক অংশে ছাদের পলেস্তারা খসে পড়ছে। পাশাপাশি ভাঙা দরজা-জানালা ও জরাজীর্ণ বিভিন্ন অংশ হলের সামগ্রিক পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে।

 মঙ্গলবার (২০ অক্টোবর) কবি নজরুল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ হারেছী বলেন, ছাদ খসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, সকালে আমরা নজরুল হল পরিদর্শনে গিয়েছিলাম। দেখে এসেছি সবকিছু। গত কয়েক বছরে কিছু সংস্কার হয়েছে। বড় ধরনের সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে।’

নগর ইতিহাসবিদ আহসানুল কবির বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দেশের একটি প্রাচীন ও শ্রেষ্ট বিদ্যাপীট। এই কলেজের  রক্ষনাবেক্ষন করা দায়িত্বশীলদের দরকার।

প্রতিনিধি/আরআর