Dhaka Mail Logo

শিক্ষা

লটারিতে দূরে পদায়ন, পারস্পরিক বদলির সুযোগ চান ১৪ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম

লটারির মাধ্যমে নিয়োগের পর নিজ বাড়ি থেকে অনেক দূরে, এমনকি দুর্গম এলাকায় কর্মস্থল পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক সহকারী শিক্ষক। এতে যাতায়াত, বাসস্থান ও পারিবারিক দায়িত্ব সামলাতে নানা সমস্যায় পড়ছেন তারা। 

এ পরিস্থিতিতে শিক্ষকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কর্মস্থল পরিবর্তনের সুযোগ চালুর দাবি জানিয়েছে সদ্য যোগদান করা শিক্ষকদের সংগঠন ‘সহকারী শিক্ষক ২০২৫ ব্যাচ’।

মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান ২০২৫ ব্যাচের ১৪ হাজার শিক্ষক। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানান, লটারির মাধ্যমে পদায়নের কারণে অনেককে বাড়ি থেকে অনেক দূরের বিদ্যালয়ে যোগ দিতে হয়েছে। কেউ কেউ চরাঞ্চল, হাওরাঞ্চল ও দুর্গম এলাকায় কর্মস্থল পেয়েছেন। এসব এলাকায় যাতায়াতব্যবস্থা দুর্বল হওয়ায় প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসা কিংবা কর্মস্থলের কাছাকাছি থাকার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ছে।

এ অবস্থায় যেসব শিক্ষক নিজেদের মধ্যে আলোচনা করে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাদের জন্য দ্রুত পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

শিক্ষকদের মতে, এ ধরনের বদলিতে উভয় পক্ষের সম্মতি থাকায় কারও ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। বরং নিজেদের সুবিধা অনুযায়ী কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেলে যাতায়াত ও আবাসনসংক্রান্ত অনেক সমস্যা কমে আসবে।

বিশেষ করে চর ও হাওরাঞ্চলের মতো দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য এ ব্যবস্থা বেশি প্রয়োজন বলে মনে করছেন তারা।

বিজ্ঞপ্তিতে নারী শিক্ষকদের সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, দূরবর্তী এলাকায় পদায়নের কারণে অনেক নারী শিক্ষককে যাতায়াত, নিরাপত্তা ও পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বাড়তি সমস্যায় পড়তে হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাদের পারস্পরিক বদলির আবেদনে অগ্রাধিকার অথবা সহজতর প্রক্রিয়া চালুর দাবি জানানো হয়েছে।

শিক্ষকরা বলেন, কর্মস্থলে যাতায়াত ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকলে তা পাঠদানের ওপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে এসব সমস্যা কমানো গেলে শিক্ষকরা আরও স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারবেন। এতে শিক্ষার্থীদের পাঠদানেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন, ‘আমরা বিশ্বাস করি, লটারিতে পদায়নপ্রাপ্ত শিক্ষকদের জন্য স্বচ্ছ, সহজ ও দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা চালু করা হলে শিক্ষকদের কর্মজীবনের শুরুতেই অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে।’

নারী শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানিয়ে তারা বলেন, এতে নারী শিক্ষকরা আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে আত্মনিয়োগ করতে পারবেন।

শিক্ষকদের দাবি, পারস্পরিক বদলির ব্যবস্থা চালু হলে নতুন করে যোগদান করা শিক্ষকদের কর্মস্থলসংক্রান্ত অনেক জটিলতা দূর হবে। তাই শিক্ষকদের পারস্পরিক সম্মতি, যাতায়াতের অসুবিধা, নিরাপত্তা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এমএইচ/এএইচ