নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে আলিম শ্রেণির বিষয় কোড পুনর্র্নিধারণ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
নতুন বিষয় কোডগুলো ২০২৭ সালের আলিম পরীক্ষা থেকে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য কার্যকর হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীরা আগের বিষয় কোডেই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সোমবার (১৯ অক্টোবর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিষয় কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষাধারার এইচএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষাধারার আলিম শ্রেণির বিষয় কোডগুলো নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ জন্য পুরনো ও নতুন বিষয় কোডের একটি তালিকাও প্রকাশ করেছে বোর্ড।
নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণসহ পরীক্ষা পরিচালনার সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।
একইভাবে প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদপত্রেও পুনর্র্নিধারিত বিষয় কোড ব্যবহার করতে হবে।
তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ পরিবর্তন প্রযোজ্য হবে না। তাদের জন্য আগের বিষয় কোডগুলো বহাল থাকবে।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি ও আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের সুবিধার্থেই বিষয় কোড সমন্বয়ের এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ও পুরনো বিষয় কোডের বিস্তারিত তালিকা বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এমএইচ/এএইচ