Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ সোমবার (১৯ অক্টোবর)। অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। এ কার্যক্রমে বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে ভর্তির সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রবেশ করে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এ ফি জমা দিতে হবে। ভর্তি কার্যক্রম শেষে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০ ডিসেম্বর।

২০২৭ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড), ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড), মাস্টার অব এডুকেশন (এমএড), মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড), মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমসহ বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সেও ভর্তি নেওয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সভেদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও ভর্তির শর্ত ভিন্ন। বিএড কোর্সে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে অগ্রাধিকার পাবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অনুমোদিত ও তালিকাভুক্ত ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকরা। অন্যান্য আবেদনকারীর ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।

এমএড ও এমএসএড কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিএড, বিএমএড অথবা বিএসএড পরীক্ষায় নির্ধারিত ন্যূনতম ফল থাকতে হবে। অন্যদিকে, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে তৃতীয় শ্রেণি বা নির্ধারিত জিপিএর নিচে ফল থাকলে আবেদন করার সুযোগ থাকবে না।

আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিতে হবে। কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে আবেদন, ভর্তি কিংবা নিবন্ধন বাতিল হতে পারে। একই সময়ে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।

ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus’ ও ‘Important Notice’ বিভাগে পাওয়া যাবে।

এম/এমআর