বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী জাহিদ হাছান জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ডে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (১৬ অক্টোবর) জাহিদ হাছান নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জাহিদ হাছান ‘রিলিজন, এথিক্স অ্যান্ড পলিটিক্স’ বিষয়ে স্নাতকোত্তর করবেন। এর আগে নিয়ম মেনে তিনি বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন৷ ভর্তির সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ইউরো জামানত হিসেবে জমা দিয়েছেন৷ এই অর্থ তিনি প্রতি মাসে বাসা ভাড়া বাবদ ফেরত পাবেন। স্নাতকোত্তর কোর্সটি সম্পন্ন করতে তাকে বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি দিতে হবে না।
সাফল্যের বিষয়ে জাহিদ হাছান বলেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক আগে থেকেই এখানে পড়ার স্বপ্ন ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় ২৮ মাস আগে ভর্তির জন্য আবেদন করেছিলাম। শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন। তাঁদের রেকমেন্ডেশন লেটার আমাকে সহায়তা করেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ইচ্ছে থাকলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য শিক্ষকদের সহায়তা নিতে হবে।
আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য পুরো বিশ্ববিদ্যালয়ের অর্জন। অতীতেও আমাদের বিভাগের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা সবসময় পরামর্শ দিয়ে সহায়তা করেছি। গবেষণা ও উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
প্রতিনিধি/ এজে