Dhaka Mail Logo

শিক্ষা

লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ঘোষিত গরু ভোজ কর্মসূচিকে কেন্দ্র করে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় গরুটির সঙ্গে একটি ছাগলও রাখা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে গরু ভোজের অধিকারের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিছিলে ‘লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু’, ‘লালডা না কালাডা, লাল ডা লাল ডা’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ এবং ‘গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে, পূর্বঘোষিত গরু ভোজ কর্মসূচির জন্য গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা।

তিনি বলেন, ‘কেউ যেন ভবিষ্যতে গরু খাওয়া আটকানোর দুঃসাহস না দেখাতে পারে, সেই বিশেষ বার্তা দিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রশাসনের বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবই। অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনায় রেখে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হবে।’

মাসুদ রানা আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিবন্ধন থেকে প্রায় ৫০ হাজার টাকা এসেছে। এর সঙ্গে দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে অর্থসহায়তা এসেছে। এসব অর্থ দিয়েই এই গরু কেনা হয়েছে।’

তিনি জানান, শুক্রবার দুপুর ২টার দিকে খাবার বিতরণ করা হবে। রান্না ও খাবার বিতরণের পরিসর এবং পদ্ধতি পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে পরে জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানান জকসুর নেতারা।

পরে শিক্ষার্থীদের উদ্যোগে ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়।

এআরএম