Dhaka Mail Logo

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। প্রতিদিন ১২টি বোর্ডে মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এনটিআরসিএ প্রকাশিত মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। এজন্য প্রতিটি বোর্ডের প্রার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে ১৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১৮ জন প্রার্থী থাকবেন।

প্রতিদিন দুই ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ সকাল ৯টায় এবং দ্বিতীয় ধাপ বেলা ২টায় শুরু হবে। পরবর্তী দিনগুলোতেও একই পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ। নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তার নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণের মেয়াদ ৩ বছর করার চিন্তা
শিক্ষকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ, আবেদন ২২ নভেম্বরের মধ্যে

প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

এর আগে গত ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২২ এপ্রিল। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীর মধ্য থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।

এমএইচ/এফএ