বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক ও নতুন অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে হস্তান্তর করেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানসহ চাকসু নেতারা।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমরা চাকসুকে প্রতিপক্ষ নয়, সহযোগী হিসেবে ভাবি। যাতায়াতব্যবস্থার উন্নয়ন, আবাসন সংকট নিরসন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।”
তিনি আরও বলেন, “মাদক ও ইভটিজিং নিয়ন্ত্রণ, খাবারের মান উন্নয়ন এবং মেডিকেল সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সফট স্কিল প্রশিক্ষণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।”
চাকসু ভিপি ইব্রাহীম রনি বলেন, “চবি শিক্ষার্থীদের জন্য আমাদের চাকসু-২০২৫ এর পক্ষ থেকে এই উপহার। আর আজকের এই আয়োজনের উদ্দেশ্য শুধু একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটি তারই একটি বাস্তবায়ন।’
প্রতিনিধি/ এজে