বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘বিশ্ব জঙ্গি’ আখ্যা দিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক পেজ ‘জবিয়ান্স’-এর একটি পোস্টের মন্তব্যের ঘরে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সৈকত। পরে মন্তব্যটি সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, গত ১২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে ‘জবিয়ান্স’ পেজের একটি পোস্টে পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে সৈকতের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে।
এ বিষয়ে সৈকত হালদার বলেন, “এটা আসলে হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মনসুরকে। কমিটির অন্য সদস্যরা হলেন আইবিএ-জেইউর অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, হল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ প্রক্টরের মাধ্যমে প্রশাসনের কাছে আসার পর উপাচার্য তদন্ত কমিটি গঠন ও শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
প্রতিনিধি/এসএস