বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আট দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১০ দিনের ক্লাস বিরতি পাচ্ছেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। সে হিসাবে পূজা উপলক্ষে মোট চার দিন অফিস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। এ ছাড়া ১৭, ২৩ ও ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড ও ইভনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে।
প্রতিনিধি/এসএস