নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে সোমবার (১২ অক্টোবর) থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। যোগ্য শিক্ষার্থী ও গবেষকরা আবেদন করতে পারবেন আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এ উপলক্ষে গত বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় উত্তীর্ণরাও নিবন্ধনের সুযোগ পাবেন।
এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
এছাড়া বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন। বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরাও নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকরাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য দিতে হবে ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে যারা ইতোমধ্যে মূল সনদ সংগ্রহ করেছেন, তাদের সনদ ফি দিতে হবে না।
যেভাবে নিবন্ধন করবেন
সমাবর্তনে অংশগ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট পড়হাড়পধঃরড়হ.হঁ.ধপ.নফ থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন কার্ডে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে।
নিবন্ধনসংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ নম্বরে এবং পেমেন্টসংক্রান্ত সমস্যায় ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ বিষয়ে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সহায়তা পাওয়া যাবে। প্রয়োজনে ই-মেইলেও যোগাযোগ করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের নির্দিষ্ট সময়, ভেন্যু ও বিস্তারিত কর্মসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।
এম/এএইচ