Dhaka Mail Logo

শিক্ষা

তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

শিক্ষার্থীদের টানা ২১ দিনের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে গিয়ে নিজের কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

বিষয়টি জানার পর সাবেক উপাচার্য সায়েমের পুনর্বহালের দাবিতে ওই দিন রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করেন। এতে শরীফুল আলমের ক্যাম্পাসে যোগদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর মধ্যে মিছিল, মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, ‘৫৬ কেন’, শ্বেত শাড়ির গণসাক্ষ্য, মুখোশ মিছিল, মানববন্ধন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই ২১ সেপ্টেম্বর থেকে তারা আন্দোলন করছেন। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন অবস্থার মধ্যেই সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নতুন উপাচার্য।

এমআর