Dhaka Mail Logo

শিক্ষা

বিবিএ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। আবেদন করা যাবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতিটি কোর্সের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

রোববার (১১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপত্র পুনর্মূল্যায়নে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে ওয়েবসাইটের ICTUnit/Re-Evaluation.aspx ঠিকানায় প্রবেশ করতে হবে। ফরম পূরণ শেষে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত ফি জমা দিতে হবে।

নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে। এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্‌-বাংলা ব্যাংক নেক্সাস ও মাস্টারকার্ডের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজস্ব ব্যাংক হিসাব থেকেও অনলাইনে অর্থ স্থানান্তর করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড ও ফি জমা দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমের মাধ্যমে টাকা জমা দেওয়ার কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

নির্ধারিত ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে। এ ক্ষেত্রে আবেদনপত্র বা পে-স্লিপের অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

এম/এএস