Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৭০ কলেজের অধ্যক্ষকে সিম দেবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা বিভাগের আট জেলার ৩৭০টি কলেজের অধ্যক্ষকে সিম দেওয়ার উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। আগামী বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল পর্যায়ের কলেজগুলোর অধ্যক্ষদের মধ্যে সিম বিতরণ করা হবে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষরা এ কর্মসূচির আওতায় সিম পাবেন। বুধবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হোসাইন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং গ্রামীণফোনের পরিচালক নুরুল ফেরদৌস মুসান্না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার।

ঢাকার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ১১৮ নম্বরে অবস্থিত সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এম/এএস