Dhaka Mail Logo

শিক্ষা

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির গভর্নিং বোর্ডের ১৬তম সভায় তাকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।

রোববার (১১ অক্টোবর) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্বে অধ্যাপক মামুন আহমেদ শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর—যেটি আগে ঘটবে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অধ্যাপক মামুন আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়া তার জন্য সম্মানের। তিনি নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেবেন।

একই সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

ইউজিসি জানিয়েছে, অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের ১৬তম সভায় সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নকে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়। পরে তিনি বোর্ডের ১৪তম ও ১৫তম সভায় সভাপতিত্ব করেন।

অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সার্কভুক্ত আটটি দেশের উদ্যোগে ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও গবেষকদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

এমএইচ/এআর