নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
এসএসসিতে ফেল করা বা অকৃতকার্য হওয়া এবং আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ারের সুযোগ তৈরিতে নতুন কর্মপরিকল্পনা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
পরিকল্পনার আওতায় আগ্রহী শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া যেসব শিক্ষার্থীর ব্যবসায়িক ধারণা রয়েছে, তাদের প্রাথমিক তহবিল দেওয়ার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
মাহদী আমিন বলেন, কোনো বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। শিক্ষার্থীদের ফল খারাপ হওয়ার পেছনে আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাবসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তাই শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একজন শিক্ষার্থীর মেধা ও ভবিষ্যৎ নির্ধারণ করা ঠিক নয়।
এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে তিনি বলেন, ফলাফল যা-ই হোক, প্রত্যেক শিক্ষার্থীর পাশে থাকবে সরকার। কারিগরি দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তবে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এবং অন্যান্য সহায়তা এখনো সরকারের বিবেচনাধীন রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে কর্মপরিকল্পনার বিস্তারিত জানা যাবে।
এম/এএইচ