Dhaka Mail Logo

শিক্ষা

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার দিনেই পরীক্ষার নতুন তারিখ জানানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীক্ষা স্থগিত করা হয়।

যুব উন্নয়ন অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ও সময় আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম/এএইচ