জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবু সাঈদ বুক উঁচিয়ে ছিল স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে। শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ। আবু সাঈদের আত্মত্যাগের মধ্যদিয়ে সেই সময় আন্দোলনে টার্নিং পয়েন্ট তৈরি হয়েছিল। আবু সাঈদের মৃত্যু মহিমান্বিত। শহীদ আবু সাঈদের এই স্মৃতি আগামী প্রজন্মের মাঝে আবু সাঈদকে বাঁচিয়ে রাখবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আত্মত্যাগের মাধ্যমে দীর্ঘ স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। পরবর্তীতে সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।
তিনি বলেন, আবু সাঈদের স্মৃতি ধরে রাখার জন্য এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে শহীদ আবু সাঈদ গেট নির্মাণ করা হচ্ছে। যারা এই বিশ্ববিদ্যালয়ে ভবিষতে আসবে, যারা এই পথ দিয়ে চলাচল করবে, তারাই আবু সাঈদের গেট দেখে বুঝতে পারবে- আবু সাঈদের আত্মদান কি ছিল। যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাঈদসহ যারা জুলাই আন্দোলনে আত্মদান করেছে, সেই আত্মদানের প্রতি সম্মান রেখে বর্তমান সরকার গণতান্ত্রিক সমৃদ্ধ দেশ গড়ার কাজে নিয়োজিত। বিএনপি সকল স্তরের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিনিধি/এলএ