Dhaka Mail Logo

শিক্ষা

ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেম সম্মেলন শুরু হচ্ছে।

দু’দিনব্যাপী এই সম্মেলনে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রি প্রফেশনালস কম্পিউটিংয়ের সাম্প্রতিক অগ্রগতি এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিভাগের চেয়ারম্যান এবং সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সম্মেলনে মোট ৬১৬টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ২১২টি গবেষণাপত্র গৃহীত হয়েছে। গবেষণাপত্র গ্রহণের হার প্রায় ৩৪ দশমিক ৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনের আটটি গবেষণা ট্র্যাকে ইন্টেলিজেন্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডাটা অ্যানালাইসিস, সাইবার-ফিজিক্যাল ও এজ সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে এ সম্মেলনের টেকনিক্যাল সেশন এবং বাংলা একাডেমিতে কী-নোট  ও প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।

/এএস