নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
সরকারি শিক্ষকরা বিভিন্ন শিক্ষা দফতরে কাজ করতে পারলে যোগ্যতা থাকা সত্ত্বেও এমপিওভুক্ত শিক্ষকদের সেখানে পদায়ন করা হবে না কেন— এমন প্রশ্ন তুলেছেন শিক্ষক নেতা অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন সম্মেলনে বলেন, ‘আমরা জাতীয়করণ চাই। এই দেশের ৯৭ শতাংশ শিক্ষক বেসরকারি, আর ৩ শতাংশ শিক্ষক সরকারি। আজকে ডিজি অফিস, মাদরাসা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন শিক্ষা বোর্ড ও অধিদফতরের সব জায়গায় সরকারি লোক কাজ করছেন। আমরা কি যেতে পারি না? বেসরকারি শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন দফতরে দ্রুত পদায়ন করা হোক— আমি এই প্রত্যাশা রাখছি।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শিক্ষকদের পাশে ছিলেন। তিনি শিক্ষকদের জাতীয়করণের বিষয়সহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন।’
অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন বলেন, ‘শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সরকারি দফতরে সরকারি শিক্ষকরা যেভাবে কাজ করছেন, সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষকদের কেন সুযোগ দেওয়া হবে না— এ বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।’
সম্মেলনে শিক্ষক নেতা আতাউর রহমান বলেন, ‘আমরা যখন জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করতে আসতাম, তখন আমাদের বিতাড়িত করা হতো। আমাদের অনেক সিনিয়র ভাই আছেন, যারা পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছেন।’
এ সময় ত্যাগী শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি জানিয়ে অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, শিক্ষকদের কল্যাণে সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি মামলা ও নির্যাতনের শিকার হয়েও শিক্ষকদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন। সমাবেশের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণের দাবি জানাই।
অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ আজ হোক বা কাল হোক, হবেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও মান-মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি বাস্তবায়িত হতে পারে বলে আশা করি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়া সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এম/এফএ